রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগের পরিচ্ছন্ন ভাবমূর্তির (ক্লিন ইমেজ) কর্মীরাও বিএনপির সদস্য হতে পারবেন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, “আওয়ামী লীগ আমলেও অনেকেই হয়তো দলটির সঙ্গে যুক্ত ছিলেন। তবে বর্তমান সরকারের দুঃশাসন, লুটপাট, বর্বরতা ও টাকা পাচারের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা আগেই সরে গেছেন। তারা যদি বিএনপির আদর্শে বিশ্বাস করেন, তাহলে অবশ্যই আমাদের সদস্য হতে পারবেন।”
তিনি আরও জানান, সদস্যপদ দেওয়ার আগে যাচাই-বাছাই করা হবে। “কোনো অপরাধী, সন্ত্রাসী, ভূমিদস্যু কিংবা টাকা পাচারকারীদের আমরা সদস্য হতে দেব না। যারা সমাজে পরিচ্ছন্ন ভাবমূর্তি নিয়ে বসবাস করেন, যাদের সবাই ভদ্রলোক হিসেবে চেনেন, এমন ব্যক্তিরাই আমাদের টার্গেট,” বলেন রিজভী।
এ সময় তিনি বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমেরও ঘোষণা দেন। আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান তিনি।
রিজভী আরও বলেন, “স্বৈরশাসনের আমলে অনেকেই বিএনপির সদস্য হতে চাইলেও পারেননি। এখন সেই পরিস্থিতি নেই। আশা করছি, এ সদস্য সংগ্রহ অভিযানে ব্যাপক সাড়া মিলবে। আমাদের লক্ষ্য, এক কোটিরও বেশি নতুন সদস্যকে দলে অন্তর্ভুক্ত করা।”
সংবাদ সম্মেলনে তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সব বিভাগীয় শহরে একযোগে এ সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে।