রিপোর্ট : ওয়াসি উল কবির (বাবু) :
রাজধানীর বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ সিসা লাউঞ্জে রাহাত হোসেন রাব্বি (৩১) হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান দুই আসামি মুন্না ও মাকসুদুর রহমান হামজাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার বিকেলে কুমিল্লার বরুড়া থানার এলাকায় যৌথ অভিযানে র্যাব-১ ও র্যাব-১১ এর সদস্যরা তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি হামজা (২৬) কুমিল্লার দেবিদ্বার থানার গাংটিয়ারা গ্রামের আব্দুল আল মামুন মোল্লার ছেলে। অন্যজন মুন্না (২৭) ঢাকার মোহাম্মদপুরের আব্দুল ওহিদের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট ভোর ৫টা ২৮ মিনিটে বনানীর ১১ নম্বর রোডের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে নামার সময় ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বীকে মুন্না ও হামজা পথরোধ করে। রাব্বি মুন্নাকে চিনতে পারায় উভয়ের মধ্যে তর্ক বেধে যায়। এ সময় মুন্না পাঞ্জাবির পকেট থেকে ধারালো ছুরি বের করে রাব্বি কে একের পর এক কয়েকটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আহত অবস্থায় রাব্বি কে স্থানীয়রা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব আরো জানায়, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে রাব্বিকে হত্যার উদ্দেশ্যে তারা ছুরিকাঘাত করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেপ্তারকৃত দুজন আসামি।
নিহত রাহাত হোসেন রাব্বির বাবা রবিউল আওয়াল বনানী থানায় হত্যার মামলা দায়ের করেছেন। মামলাটি বনানী থানার মামলা নং-১৭ হিসেবে নথিভুক্ত হয়েছে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আসামিই হত্যার ঘটনা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে শুক্রবারই একই মামলার আরও চার আসামিকে বনানী এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। তারা হলেন—মীর হোসেন (২২), ফজলে রাব্বি (২৪), সাব্বির আহমেদ সুমন (৩০) ও আরাফাত ইসলাম ফাহিম (২৭)।
এ বিষয়ে প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বলেন, “মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই আমজাদ শেখ চার আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।”
দৈনিক আলোকিত একুশে সংবাদ/এন এম