রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় ১৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মানি লন্ডারিং মামলা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।
সোমবার (৮ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোতাল্লেছ হোসেন নামের এক ব্যক্তি নিজেকে খালেদা জিয়ার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তদন্তে দেখা গেছে, তার নামে খোলা ব্যাংক হিসাবে প্রায় ২০ কোটি টাকার লেনদেন হয়েছে।
সিআইডি জানায়, মোতাল্লেছ হোসেনের ‘এম এল ট্রেডিং’ নামে একটি প্রতিষ্ঠান থাকলেও সেটি কাগুজে প্রতিষ্ঠান ছাড়া আর কিছু নয়। ব্যবসার কোনো বাস্তব কার্যক্রম সেখানে পাওয়া যায়নি। কখনো তিনি নিজেকে পোশাক কারখানার মালিক, কখনো চা-বাগান উদ্যোক্তা বা ঠিকাদার পরিচয় দিয়ে প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন।
পরবর্তীতে বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে বিএনপি-সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে প্রায় ১৫ কোটি টাকা নিজের ব্যাংক হিসাবে সংগ্রহ করে আত্মসাৎ করেন।
তদন্তে আরও জানা গেছে, বর্তমানে তার বিভিন্ন হিসাবে থাকা পাঁচ কোটি টাকার বেশি অর্থ আদালতের আদেশে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গতকাল (রোববার) বিকেলে রাজধানীর পল্লবী থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ধারায় মামলা (নম্বর-১৯) করা হয়। মামলায় মোতাল্লেছ হোসেন ছাড়াও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।