রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়ায় সাংবাদিকদের অন্যায় হয়রানি ও ভিকটিমাইজেশন ঠেকাতে গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, প্রস্তাবটি তার কাছেও উপযুক্ত মনে হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার সুরক্ষা আইনের সংশোধনী নিয়ে তৈরি খসড়াটি মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। সেখানে সংশ্লিষ্ট সব অংশীজন, সাইবার স্পেসে কাজ করা ব্যক্তি এবং তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে আরও আলোচনা করে মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, আইনটি যাতে নিপীড়নমূলক কোনো আইনে পরিণত না হয়, সে জন্য সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হচ্ছে। এ উদ্দেশ্যে খসড়া বিলটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখানে ব্যক্তি, প্রতিষ্ঠান, মানবাধিকার সংগঠন ও শিক্ষার্থীদের কাছ থেকেও মতামত পাওয়া গেছে বলে জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের উল্লেখযোগ্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, সম্পাদক, সাংবাদিক এবং সংবাদপত্র ও সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এরই মধ্যে একাধিক বৈঠক হয়েছে। এসব আলোচনায় অংশীজনদের লিখিতভাবে বা সরাসরি মতামত দেওয়ার আহ্বান জানানো হয়েছে।