রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপ্রতিমকে হত্যা:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

কুমিল্লায় ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে দামি আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তদন্তের এ তথ্য জানান কুমিল্লার জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান।

 

পুলিশ জানায়, অপ্রতিম হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যেই প্রধান চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন কুমিল্লার সানন্দা এলাকার নুরুল আলমের ছেলে তুহিন এবং তার দুই সহযোগী আনাস ও ফাহিম আহমেদ।

 

পুলিশ সুপার জানান, প্রধান আসামি তুহিনের বাসা থেকে নিহত অপ্রতিমের মায়ের আইফোন উদ্ধার করা হয়েছে। তদন্তে পাওয়া আলামত হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও জানানো হয়।

 

 

এর আগে রোববার সকালে অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপ্রতিম নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের মূল আসামিদের গ্রেপ্তার করা হয়েছে এবং প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়েছে। প্রধান আসামি তুহিন হত্যার দায় স্বীকার করেছে বলেও জানান তিনি।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নিহত অপ্রতিমের সঙ্গে কিশোর অপরাধ চক্রের কয়েকজন সদস্যের চলাফেরা ও ওঠাবসা ছিল। তাদের বয়স অপ্রতিমের চেয়ে প্রায় ৫ থেকে ১০ বছর বেশি। প্রধান আসামি তুহিনের কাছ থেকেই অপ্রতিমের আইফোন উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

 

 

১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম তার মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বাইরে বের হয়েছিল। এরপর আর বাড়ি ফেরেনি সে। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে লালমাই পাহাড়ের গভীরে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

 

ঘটনার পর তুহিন, আনাস ও ফাহিম নামের তিন তরুণকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তদন্তে তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার তথ্য উঠে আসে বলে পুলিশ জানিয়েছে।

 

 

রোববার সকাল সোয়া ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতিতে অপ্রতিমের দাফন সম্পন্ন হয়। এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

 

 

জানাজা ও দাফনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। অপ্রতিমের মৃত্যুতে সেখানে শোকের পরিবেশ সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা