রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসের ভাড়া বাড়ানো হয়েছে। দূরপাল্লা ও রাজধানীসহ শহরে কিলোমিটার প্রতি ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে এ ভাড়া।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
তিনি বলেন, সরকারি হিসাব অনুযায়ী ২০ পয়সা বাড়ে। জনস্বার্থের কথা বিবেচনা করে ৩ পয়সা ভাড়া কম নিতে বলা হয়েছে। সে হিসেবে প্রতি কিলোমিটারের ভাড়া ১৭ পয়সা হয়। মালিকরা বিআরটিএর সঙ্গে বসে এগ্রিমেন্ট করবে। মেট্রোপলিটন কিংবা জেলা সব জায়গাতেই তারা ৩ পয়সা কম নেবে। আজই হয়তো প্রজ্ঞাপন হবে।
তিনি আরও বলেন, ভাড়া এক পয়সা বাড়লেও সেটা জনগণের বার্ডেন। সিদ্ধান্ত হওয়ার আগেই কেউ ভাড়া বাড়িয়ে থাকলে মালিক সমিতি তাদের শাস্তির ব্যবস্থা করবে। প্রশাসনিকভাবে এবং সমিতিগত দুইভাবেই তাদের বিষয়টি দেখা হবে।