রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত কমিশনার মো. সারওয়ার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডিএমপি পুলিশ কমিশনার হিসেবে কোনো কর্মকর্তা যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার ডিএমপির কমিশনারের দায়িত্বে থাকবেন।
এর আগে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ করেন। গতকাল বুধবার তিনি পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে জানান। সাজ্জাত আলী তাঁর পদত্যাগপত্রে পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ উল্লেখ করেছেন।
২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান সাজ্জাত আলী। প্রজ্ঞাপনে বলা হয়েছিল, যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।