শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের সফর ঘিরে জেলাজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি।

 

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে আগামীকাল রবিবার নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই হবে তাঁর প্রথম সফর। এ সফরকে ঘিরে ঠাকুরগাঁওজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রস্তুতি নিচ্ছেন।

 

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁও শহরের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে। সড়কের বিভিন্ন অংশে নতুন করে রং করা হয়েছে। একই সঙ্গে নাগরিক সংবর্ধনা আয়োজনের প্রস্তুতিও চলছে। স্থানীয় মানুষের মধ্যে রাষ্ট্রপতিকে নিজ জেলায় স্বাগত জানানোর ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

 

সফরসূচি অনুযায়ী, রবিবার সকাল ১০টায় হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে তাঁর হেলিকপ্টার অবতরণের কথা রয়েছে। এরপর তিনি জেলা সার্কিট হাউসে যাবেন এবং সেখানে গার্ড অব অনার গ্রহণ করবেন।

 

সার্কিট হাউস থেকে রাষ্ট্রপতি শহরের সেনুয়াপাড়ায় পারিবারিক কবরস্থানে যাবেন। সেখানে তাঁর বাবা সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমীন ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করার কথা রয়েছে। কবর জিয়ারত শেষে তিনি শহরের কালীবাড়িতে নিজের পারিবারিক বাসভবনে যাবেন।

 

নিজ বাসভবনে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন রাষ্ট্রপতি। স্থানীয় নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশ নেওয়ার কথা রয়েছে।

 

নাগরিক সংবর্ধনা শেষে রাষ্ট্রপতি নিজের বাসভবনে ফিরে গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয় মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেখানেই তাঁর রাতযাপনের কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা