রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :
আগামী সাত দিনের মধ্যে জামায়াতে ইসলামীর সাবেক (২০১১) ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে আলটিমেটাম দিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেছেন, কোনো অপরাধ ছাড়াই শুধুমাত্র জামায়াত করার কারণেই এটিএম আজহারুল ইসলামকে আটক করে সাজানো মামলায় প্রাণদণ্ডে দণ্ডিত করে দীর্ঘ দিন ধরে কারারুদ্ধ করে রাখা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে এটিএম আজহারকে মুক্তি দিতে হবে। অন্যথায় দুর্বার গণআন্দোলনের মাধ্যমে জনগণের নেতাকে জনগণই মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগর ঈদগাহ ময়দানে শেরেবাংলা নগর উত্তর থানা জামায়াত আয়োজিত থানার এক সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, আগস্ট বিপ্লবে দলমত, ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণি ও পেশা নির্বিশেষে সবাই আন্দোলনে নামলেও নিষিদ্ধ করা হয়েছিলো শুধুমাত্র জামায়াতকে। আর আন্দোলনকারীদের রাজাকার বলার সঙ্গে সঙ্গেই চলমান আন্দোলন অগ্নিগর্ভ হয়ে উঠেছিলো। জামায়াতকে নিষিদ্ধ করার মাত্র কয়েক দিনের মধ্যেই আওয়ামী-বাকশালীদের তখতে তাউসের পতন এবং তাদের খুনি নেত্রীসহ সব মন্ত্রী-এমপিরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন।
তিনি বলেন, মূলত যারাই জামায়াত নির্মূল করার ষড়যন্ত্র করেছে তারাই ইতিহাসের পাতা থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আর জামায়াতের ওপর রয়েছে আল্লাহর রহমত। জামায়াতে ইসলামী আল্লাহভীরু লোকদের পার্লামেন্টে পাঠিয়ে দেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়। সে স্বপ্নের পার্লামেন্ট গঠনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
ঢাকা মহানগরী উত্তরের আমির বলেন, মানুষের তৈরি আইন দিয়ে মানুষের কল্যাণ সম্ভব নয়। আগামী দিনে যারা সে বৃত্তে আটকে থাকবে জনগণ তাদেরকে আর কোনোভাবেই গ্রহণ করবে না। যারা ধর্মনিরপেক্ষতার প্রবক্তা তাদের দিনও শেষ হয়ে গেছে। এদেশের সিংহভাগ মানুষ মুসলমান। তাই এদেশে রাজনীতি করতে হলে কুরআন, সুন্নাহ ও ইসলামী আদর্শের ভিত্তিতেই রাজনীতি করতে হবে। যারা দুর্নীতি, লুটপাট, অবক্ষয়ের বৃত্তে থাকবে এবং যৌনতা ও পৌত্তলিকতাকে উৎসাহিত করবে তাদেরকে জনগণ কোনো ভাবেই ভোট দেবে না। মূলত, এদেশে রাজনীতি করতে হলে সুদভিত্তিক অর্থনীতির পরিবর্তে ইসলামী অর্থনীতি চালুর অঙ্গীকার করতে হবে।