রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
রোববার (২৪ নভেম্বর) হবিগঞ্জের চুনারুঘাটে স্থানীয় জনতা নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেলকে আটক করে আইনশৃঙ্খলাবাহিনীর হাতে তুলে দেয়।
আটক হওয়া এই সংসদ সদস্যদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রথমে তাকে চুনারুঘাট থানায় সোপর্দ করা হলে পরবর্তীতে তাকে পুলিশ সেনাবাহিনীর হাতে সোপর্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল হক খান।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলে এক মোটরসাইকেল চালকের সঙ্গে কথা-কাটাকাটির জেরে রানা মোহাম্মদ সোহেল বন্দুক দিয়ে গুলি ছোড়েন।
এ বিষয়ে পুলিশ সুপার রেজাউল হক বলেন, রানা মোহাম্মদ সোহেল চুনারুঘাটের পাকুরিয়া এলাকায় প্রকাশ্যে নিজের লাইসেন্স করা পিস্তল থেকে গুলি ছোড়েন। তখন লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সেখান থেকে সেনাবাহিনী তাদের হেফাজতে নিয়ে গেছে। আটক ব্যক্তির পিস্তল ও গুলি থানা হেফাজতে আছে এবং সেনাবাহিনী এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি আরও বলেন, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেলের বিরুদ্ধে হবিগঞ্জের বাইরে অন্য কোনো থানায় মামলা রয়েছে। তিনি চুনারুঘাটে বেড়াতে এসেছিলেন।
চুনারুঘাট থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, থানা থেকে তাকে সেনাবাহিনীর শাহজিবাজার ক্যাম্পে নেওয়া হয়েছে। আমি যতদূর শুনতে পেরেছি, তিনি ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।