রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
বুধবার (২৭ নভেম্বর) বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ ভূঞার নির্দেশে পুলিশ পরিদর্শক মোঃ ইব্রাহিম বহিরাগত প্রবেশের উপর কড়াকড়ি আরোপ করেন। ইমিগ্রেশনকে দালালমুক্ত করতে প্যাসেঞ্জার টার্মিনালে বসানো হয়েছে অত্যাধুনিক স্ক্যানিং মেশিন ও সিসি ক্যামেরা। এ ছাড়া সশস্ত্র আনসার ও আমর্ড পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে কঠোর নজরদারিতে রাখা হয়েছে বহিরাগতদের।

অবশেষে দালালমুক্ত করা হলো বেনাপোল আন্তর্জাতিক কাস্টমস-ইমিগ্রেশনকে। চলতি মাসের শুরু থেকেই বহিরাগতদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ভারত গমনাগমনকারী পাসপোর্ট যাত্রী হয়রানি বন্ধে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। ফলে পাসপোর্ট যাত্রী ছাড়া কোনও ব্যক্তিকে কাস্টমস ও ইমিগ্রেশনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
পাসপোর্ট যাত্রীদের সুরক্ষার জন্য ওসি ইমতিয়াজ ভূঞা এবং পুলিশ পরিদর্শক মোঃ ইব্রাহিম ইমিগ্রেশনকে দালালমুক্ত ঘোষণা করেছেন। যাত্রীদের সেবার মান উন্নত করতে চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এবং ইমিগ্রেশন ভিতরে ও কাস্টমস বহিরাগত দালাল উৎখাতে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যাতে টার্মিনাল এলাকায় বহিরাগত কোনও দালাল ঢুকতে না পারে, সেজন্য প্রতিনিয়ত তদারকি করা হচ্ছে।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ জানান, বর্তমানে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৪ থেকে সাড়ে ৪ হাজার যাত্রী যাতায়াত করছেন। যাত্রীদের সেবার মান বাড়াতে ইমিগ্রেশনে সেবার মান হয়েছে। যাত্রীরা নিজেরা ঝামেলামুক্তভাবে সিরিয়ালে দাঁড়িয়ে কাজ সেরে নিচ্ছেন।

তিনি আরও জানান, এখন থেকে যাত্রীরা যাতে ঝামেলামুক্তভাবে ভারত যাতায়াত করতে পারেন সেজন্য বহিরাগত প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে তিনি জানান। বর্তমানে যাত্রীরা নিজেরা সিরিয়ালে দাঁড়িয়ে তাদের পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিচ্ছেন। পাশাপাশি দেশ থেকে কোন অপরাধী পালিয়ে যেতে না পারে সেজন্য সার্বক্ষণিক ইমিগ্রেশন অফিসার ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। জুলাই-আগস্ট’র ঘটনায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড এবং হত্যা মামলার সাথে জড়িত ৭ জন আসামি আটক করা হয়েছে বলে জানান তিনি।
বেনাপোল কাস্টমস সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বেনাপোল চেকপোস্টে একশ্রেণির দালালরা দূরদূরান্ত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের নানাভাবে হয়রানি করে আসছিল। সিরিয়াল ছাড়া তাদের পাসপোর্টের কাজ তাড়াতাড়ি করে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল চক্রটি।