রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
নানা সময়ে বিভিন্ন মামলায় দণ্ড মাথায় নিয়ে টানা ১৭ বছর কারাগারের চার দেয়ালের ঘেরাটোপে ছিলেন লুৎফুজ্জামান বাবর, সেই বন্দিদশা থেকে মুক্ত হয়ে সোজা চলে গেলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে।
সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। হাত তুলে নেতাকর্মীদের অভিবাদনের সাড়া দেন।
জিয়াউর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানানোর পর বনানীতে মা-বাবার কবর জিয়ারত করে অসুস্থ বাবর রওনা হন গুলশানের বাসার দিকে।
বৃহস্পতিবার তার মুক্তি ঘিরে কেরাণীগঞ্জ কারাগারের সামনে আগে থেকেই জড়ো হয়েছিলেন পরিবারের সদস্যসহ হাজারো নেতাকর্মী। বেলা পৌনে ২টায় কারাগার থেকে বের হলে নেতাকর্মীদের নিয়েই তার গাড়িবহর চলে যায় শেরে বাংলা নগরে। এতে তার সময় লেগে যায় তিন ঘণ্টা।