রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
ভোলার সদর উপজেলার চরশামাইয়া ইউনিয়নে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও চাইনিজ কুড়ালসহ আওয়ামী লীগের তিন ‘দুষ্কৃতিকারী’কে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিত মঙ্গলবার রাত ২টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ও ভোলা সদর থানা পুলিশের সমন্বয়ে চরশামাইয়া ইউনিয়নের বড়চরশামাইয়া ও চরকালি সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা গুলি এবং ৫টি চাইনিজ কুড়ালসহ আওয়ামী লীগের তিন জন ‘দুষ্কৃতিকারী’কে আটক করা হয়।
আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ভোলা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহলে রয়েছে। যার ফলে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নিরাপত্তা অনেকটাই উন্নত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”