রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :
সোমবার (১৪-৭-২০২৫) অনলাইনে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে সাধারণ ডায়রি (জিডি) করেছেন বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু। তিনি অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়ানো হচ্ছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বনানী থানায় একটি সাধারণ ডায়রি করেন। একই সঙ্গে তিনি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে জানান, এই অপপ্রচারের বিরুদ্ধে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB) সদর দপ্তরেও লিখিত অভিযোগ দাখিল করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে মিশু লিখেছেন, “আমার বিরুদ্ধে যারা উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছেন, তাদের কাউকে হতাশ করবো না। আইন তার নিজস্ব গতিতে চলবে।”
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিকভাবে সক্রিয় থাকায় একটি বিশেষ মহল তার জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। এ ধরনের অপপ্রচার কেবল তার ব্যক্তিগত সম্মানহানি নয়, বরং একটি সংগঠনের ভাবমূর্তিকেও ক্ষুণ্ণ করছে বলে তিনি মনে করেন।
মেহেদী হাসান মিশুর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই। তারা জানান, অনলাইনে অপপ্রচারের বিরুদ্ধে আইনের যথাযথ ব্যবহারের মাধ্যমে এই ধরনের ঘটনা রোধ করা সম্ভব।
এ বিষয়ে বনানী থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। অপরাধীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।