রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
আজ শনিবার (৯ আগস্ট) আনুমানিক সকাল ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব এর দেওয়া তথ্য অনুযায়ী গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেপ্তার অন্যতম আসামি মো. স্বাধীন।
শুক্রবার রাতে গাজীপুর শহরের পাশ থেকে স্বাধীনকে গ্রেপ্তার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে গাজীপুর র্যাব-১-এর কোম্পানি কমান্ডার কে. এম. এ. মামুন খান চিশতী জানান, স্বাধীন এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বাধীন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানায় র্যাব। ছিনতাইয়ের ভিডিও ধারণ করার কারণে তুহিনকে হত্যা করা হয়।
জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্থানীয়ভাবে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত। পুলিশের ধারণা, ছিনতাই বা পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।
এদিকে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ নিয়ে এই মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- কেটু মিজান ও তার স্ত্রী গোলাপী বেগম, ভবানীপুরের উত্তরা এলাকা থেকে সুমন, হোতাপারা থেকে আলআমিন, ময়মনসিংহের গফরগাঁও থেকে স্বাধীন ও শাহ জালাল এবং মহানগরের চান্না এলাকা থেকে ফয়সাল হাসান।