রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :
কিশোরগঞ্জের নিকলী হাওর ভ্রমণে আসা পর্যটকদের জন্য অন্যতম জনপ্রিয় একটি রেস্টুরেন্ট হলো কাঁচ লংকা রেস্টুরেন্ট। তবে সম্প্রতি এই রেস্টুরেন্ট ঘিরে ভ্রমণপিপাসুদের অভিযোগের ঝড় উঠেছে।

পর্যটকদের অভিযোগ, এখানে পচা মাছ ভাজা, বাসি ও দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশন করা হচ্ছে। অথচ এসব মানহীন খাবারের জন্য রেস্টুরেন্ট কর্তৃপক্ষ হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। ফলে যারা দূর-দূরান্ত থেকে নিকলী হাওরের সৌন্দর্য উপভোগ করতে আসছেন, তারা তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন।
ঢাকা থেকে আসা এক পর্যটক জানান,
“আমরা চারজন মিলে খেতে বসেছিলাম। কিন্তু পরিবেশিত মাছ ভাজা খেতে গিয়ে দেখি বাজে গন্ধ বের হচ্ছে। অথচ বিল ধরেছে আকাশচুম্বী। মানহীন খাবারের জন্য এতো টাকা নেওয়া চরম প্রতারণা।”
আরেকজন পর্যটক ক্ষোভ প্রকাশ করে বলেন,
“হাওর ভ্রমণে এসে আনন্দ করার কথা ছিল, কিন্তু খাবার নিয়ে দুঃস্বপ্ন হলো। কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”
স্থানীয়রা জানান, প্রতি সপ্তাহের ছুটির দিনে প্রচুর পর্যটক নিকলীতে ভিড় করেন। কিন্তু সঠিক তদারকি না থাকায় কিছু রেস্টুরেন্ট ইচ্ছেমতো খাবারের মান কমিয়ে দিচ্ছে এবং অস্বাভাবিক বিল আদায় করছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।