রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
নির্বাচনী প্রচারণায় আজ ময়মনসিংহ যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২২ বছর পর জেলায় তাঁর এ সফর উপলক্ষে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।
দুপুর ২টায় নগরীর সার্কিট হাউজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। এ উপলক্ষে তৈরি করা হয়েছে ৬৪ ফুট দৈর্ঘ্য ও ৪৪ ফুট প্রস্থের মঞ্চ।
৭০টি মাইক দিয়ে তাঁর ভাষণ প্রচার করা হবে। পাশাপাশি মঞ্চ থেকে ২টি এবং মঞ্চের দুই পাশ থেকে আরও ২টি এলইডি স্ক্রিনে দেখানো হবে ভাষণ। জনসভায় ৫ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছে বিএনপি।
আজ ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার ২৪টি সংসদীয় আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। তাঁর সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।