রিপোর্ট : আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার জবাবে এবার কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। খবর আল-জাজিরার।
কাতারের রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল-উদেইদ ঘাঁটির দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। একইসঙ্গে ইরাকেও একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপেরও খবর পাওয়া গেছে।
শনিবার দিনগত রাতে ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্র যদি সরাসরি হামলা চালায়, তবে তার জবাব কঠিন হবে।
এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা বিভাগ আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে ইরান হামলার কথা স্বীকার করেছে।
এদিকে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে দোহা।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, আল-উদেইদ ঘাঁটিতে আইআরজিসি’র হামলা ‘কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন।’
তিনি বলেন, ‘আমরা কাতার রাষ্ট্রে, আন্তর্জাতিক আইন অনুসারে এই স্পষ্ট আগ্রাসনের সরাসরি জবাব দেওয়ার অধিকার রাখি।’
মুখপাত্র আরও বলেন, কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আক্রমণটি ব্যর্থ করে দিয়েছে এবং ইরানি ক্ষেপণাস্ত্রের সফলভাবে মোকাবেলা করেছে।