রিপোর্ট : ওয়াসি উল কবির (বাবু):
ঈদুল ফিতরকে একে সামনে রেখে অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। টিকিট বিক্রি নিয়ে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে সংস্থাটি। সাধারণ যাত্রীদের জন্য সেবা নির্বিঘ্ন রাখতে কঠোর সিস্টেম সুরক্ষা ও ব্যবহারবিধি কার্যকর করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনও ব্যবহারকারী একই ইউআরএলে এক মিনিটের মধ্যে ১০ বার বা তার বেশি রিকোয়েস্ট পাঠালে তাকে স্বয়ংক্রিয়ভাবে পাঁচ মিনিটের জন্য ব্লক করা হবে। এছাড়া ১৫ মিনিটের মধ্যে তিনবার বা তার বেশি সিট নির্বাচন করলে ওই ব্যবহারকারীর সিট সিলেকশন সুবিধা সাময়িকভাবে এক ঘণ্টার জন্য বন্ধ থাকবে।
গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিশেষ ব্যবস্থায় ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। টিকিট বিক্রির ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়েছে। অনলাইন টিকিটিং কার্যক্রমে
সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে সহজ-সিনেসিস-ভিনসেন জেভি। রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অস্বাভাবিক বা অতিরিক্ত রিকোয়েস্টের কারণে সার্ভারে চাপ তৈরি হলে অন্য যাত্রীরা সেবা পেতে সমস্যায় পড়েন। কৃত্রিম ভিড় সৃষ্টি বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে সিট দখলের চেষ্টা ঠেকাতেই এ সীমা নির্ধারণ করা হয়েছে। এতে সাধারণ যাত্রীরা সমান সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। ফেসবুকে টিকিট বিক্রির লিংক ছড়ালে ব্যবস্থা নেবে রেলওয়ে: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ১৪ দিনের অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। গতকাল
মঙ্গলবার থেকে বিশেষ ব্যবস্থায় এ টিকিট বিক্রি চলছে। তবে, টিকিট বিক্রির নামে ফেসবুকে কোনও ভুয়া বা অনুমোদনহীন লিংক পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। রাজধানীর রেল ভবনে ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন পরিচালনা সংক্রান্ত প্রস্তুতি সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। সভায় বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে টিকিট বিক্রির কোনও সন্দেহজনক লিংক চোখে পড়লে তা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। এ ক্ষেত্রে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে (আরএনবি) বিশেষভাবে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বড় স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে অতিরিক্ত নজরদারি থাকবে।