রিপোর্ট: নিজস্ব প্রতিবেদক :
রোববার (২৭ অক্টোবর) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে জানা যায় সেপ্টেম্বরের মতো চলতি মাসেও প্রবাসী আয়ের গতি উর্ধ্বমূখী রয়েছে। অক্টোবরের প্রথম ২৬ দিনে ১৯৫ কোটি ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশিয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ২৩ হাজার ৩৯১ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি মাস অক্টোবরের প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ৭ কোটি ডলার বা ৯০০ কোটি টাকার রেমিট্যান্স আসছে।
এই রকম রেমিট্যান্স আসার গতিধারা অব্যাহত থাকলে মাস শেষে আড়াই বিলিয়ন ডলার হবে প্রবাসী আয়।
যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে) ২৮ হাজার ৮৫৬ কোটি টাকার বেশি।
ইতিপূর্বে দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ ২৬০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাই মাসে। বছরওয়ারি হিসাবে সর্বোচ্চ রেমিট্যান্স আসে ২০২০-২০২১ অর্থবছরে। ওই অর্থবছরে মোটি রেমিট্যান্স আসে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন বা ২ হাজার ৪৭৮ কোটি ডলার।