রিপোর্ট : খেলার ডেস্ক :
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে লিটন কুমার দাসকে নির্বাচিত করেছে।
সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য ঘোষিত ১৫ সদস্যের টি-টোয়েন্টি দলে নেতৃত্বের দায়িত্ব লিটনের কাঁধে তুলে দেয় বিসিবি। জানা গেছে, এই দায়িত্ব তিনি পালন করবেন ২০২৬ সালের মার্চে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।
গত বছর তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে চলতি বছরের শুরুতে তিনি টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে শান্ত চোটে পড়ায় ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পান লিটন। তার নেতৃত্বে বাংলাদেশ তিন ম্যাচের সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে। এই সফলতাই তাকে স্থায়ী অধিনায়ক হিসেবে বিবেচনায় আনে বোর্ড।
লিটনের পাশাপাশি অধিনায়ক হওয়ার দৌড়ে তাসকিন আহমেদের নামও আলোচনায় ছিল। তবে বর্তমানে গোড়ালির চোটে মাঠের বাইরে থাকা এই পেসারের ইংল্যান্ডে চিকিৎসা চলছে, ফলে নেতৃত্বের দায়িত্ব লিটনের ওপরই স্থির হয়েছে।
ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, “এইবার আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে টি-টোয়েন্টি অধিনায়ক নির্বাচন করেছি। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে আমরা লিটন দাসকে জাতীয় দলের নেতৃত্বে এনেছি।”
আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই সিরিজে লিটনের সহকারী হিসেবে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন শেখ মেহেদী হাসান।